ভোটে জিতেই আ.লীগ অফিসের তালা খুললেন বিএনপি নেতা
ডেস্ক রিপোর্টঃ
ভোটে বিজয়ের পর কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ-এর একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা আবু দাউদ প্রধান। শুক্রবার সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় খুলে দিয়ে তিনি স্থানীয় নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দেন।
এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পক্ষে-বিপক্ষে আলোচনা শুরু হয়। ভিডিওতে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট বলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান যে উদ্যোগ নিয়েছেন, তা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ।
ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে—সেখান থেকে রক্ষার অনুরোধ জানান তিনি। সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জামান স্বপন বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দলমত নির্বিশেষে এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান চান তারা।
এ বিষয়ে আবু দাউদ প্রধান বলেন, কিছুক্ষণ আগে তিনি জানতে পারেন অফিসটি তালাবদ্ধ রয়েছে। আগে জানলে আগেই ব্যবস্থা নিতেন। দীর্ঘ ১৮ বছর পর তাদের বিজয় এসেছে উল্লেখ করে তিনি বলেন, উভয় পক্ষের শক্তি এক হয়ে ম্যান্ডেট দেওয়ার কারণেই তারা রেকর্ড পরিমাণ ভোট পেয়েছেন। তিনি আরও বলেন, কোনো দলের দুষ্ট প্রকৃতির লোকদের কারণে যেন এলাকায় শৃঙ্খলা নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ অন্যায় করলে তাকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান তিনি।
মুক্তিযোদ্ধা আবুল হোসেন দাবি করেন, অফিসটি আগে জামায়াতের লোকজন তালাবদ্ধ করে রেখেছিল। বর্তমানে সেটি খুলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে এবং আপাতত মুক্তিযোদ্ধারাই এটি ব্যবহার করবেন; আওয়ামী লীগের কোনো সাংগঠনিক কার্যক্রম এখনই সেখানে হবে না।
আবু দাউদ প্রধান বলেন, এটি তার দলের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়; এলাকায় উত্তেজনা এড়াতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যেই তিনি এই উদ্যোগ নিয়েছেন।
বা/মে২৪/ফা









