বছরজুড়েই মিষ্টি আমের স্বাদ, মিঠাপুকুরের হাটে মিলছে থাই কাটিমন

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ এএম
বছরজুড়েই মিষ্টি আমের স্বাদ, মিঠাপুকুরের হাটে মিলছে থাই কাটিমন

সূত্রঃ সংগৃহীত

রংপুর প্রতিনিধি


একসময় জ্যৈষ্ঠ মাস বা ‘মধুমাস’ ছাড়া আম খাওয়ার কথা ভাবাই যেত না। তবে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নতুন নতুন জাতের চাষের ফলে বদলে গেছে সেই চিত্র। এখন মূল মৌসুমের বাইরেও বাজারে পাওয়া যাচ্ছে নানা জাতের আম। এর মধ্যে থাই জাতের ‘কাটিমন’ আম পেয়েছে বিশেষ জনপ্রিয়তা।


রংপুরের মিঠাপুকুর উপজেলার ছড়ান বাজারসহ বিভিন্ন গ্রামীণ হাটে মূল আমের মৌসুম শেষ হওয়ার কয়েক মাস পরও পাওয়া যাচ্ছে এই আম। সরেজমিনে ছড়ান বাজার ঘুরে দেখা যায়, ফলের দোকানগুলোতে শোভা পাচ্ছে থাই কাটিমন আম। অসময়ের এই আম কিনতে ক্রেতাদেরও আগ্রহ দেখা গেছে।


ব্যবসায়ীরা জানান, কাটিমন আম দেখতে আকর্ষণীয় এবং স্বাদেও বেশ মিষ্টি। আমটি রসালো ও সুগন্ধযুক্ত। এর শাঁসে আঁশ না থাকায় খেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন ক্রেতারা। পাকা আমের ভেতরের অংশ ঘন হলুদ রঙের হওয়ায় কাটিমনের চাহিদাও রয়েছে।


কৃষি সংশ্লিষ্টরা জানান, কাটিমন একটি বারোমাসি জাতের আম। উপযুক্ত পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে বছরের বিভিন্ন সময়ে এ জাতের আমের ফলন পাওয়া সম্ভব। ফলে প্রচলিত আমের মৌসুমের বাইরেও বাজারে সরবরাহ করা যায় এই আম।


ছড়ান বাজারের একাধিক ফল ব্যবসায়ী বলেন, স্বাভাবিক আমের মৌসুম শেষ হওয়ার পর কাটিমন আমের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে। আগে অসময়ের ফল মূলত শহরের বড় সুপারশপগুলোতে বেশি দেখা গেলেও এখন গ্রামীণ হাটবাজারেও এসব ফল পাওয়া যাচ্ছে।


বাজারে কাটিমন আমের পাশাপাশি অসময়ের তরমুজ, আনারস, মাল্টা, ড্রাগন ফল ও আমড়াও বিক্রি হচ্ছে। ফলে মৌসুমের বাইরে বিভিন্ন ধরনের ফল সহজলভ্য হওয়ায় স্থানীয় ক্রেতাদের খাদ্যতালিকায়ও এসেছে বৈচিত্র্য।