আমরা কতটুকু সফল, তার বিচার করবে শিক্ষার্থীরা: জাকসু ভিপি জিতু
সূত্রঃ সংগৃহীত
রেদওয়ান সাগর, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৮ সেপ্টেম্বর। মেয়াদ শেষ হওয়ার আগে সংসদের কার্যক্রম কতটা সফল ও গ্রহণযোগ্য হয়েছে, তার মূল্যায়ন শিক্ষার্থীরাই করবেন বলে মন্তব্য করেছেন জাকসুর সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাকসু ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে জাকসুর নির্বাচনের রোডম্যাপ ও চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সংবাদ সম্মেলনে জাকসুর পক্ষ থেকে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচনী ক্যালেন্ডার প্রণয়ন, বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি শুরু, গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের ব্যবস্থা করার দাবি জানানো হয়।
জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘জাকসু নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা ও শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে আমরা রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছি। আর মাত্র ১২ দিন পরেই এই বিশ্ববিদ্যালয়ের জাকসুর মেয়াদ শেষ হতে যাচ্ছে। এর আগেই আমরা পরবর্তী জাকসুর রোডম্যাপ চাই।’
ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, ‘মাননীয় উপাচার্য মহোদয় কথা দিয়েছেন, জাকসুর মেয়াদের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত অটোমেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রাস্তা সংস্কার, শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন বিষয়ে জাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই দৃশ্যমান অগ্রগতি হবে।’
নিজেদের মেয়াদকালে জাকসুর কার্যক্রমের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা কতটুকু সফল, তার বিচার করবে শিক্ষার্থীরা।’
জাকসুর আয়-ব্যয়ের স্বচ্ছতার বিষয়ে জিতু বলেন, ‘জাকসুর আয়-ব্যয়ের স্বচ্ছতার জন্য একটি অডিট কমিটি গঠন করা হয়েছে। এই অডিট কমিটি জাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই আমাদের মোট আয়-ব্যয়ের হিসাব সাংবাদিকদের মাধ্যমে সব শিক্ষার্থীর সামনে উপস্থাপন করবে।’
সংবাদ সম্মেলনে জাকসুর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।









