গাজীপুরে জুয়েলারি দোকান মালিক হত্যা: দুই আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ এএম
গাজীপুরে জুয়েলারি দোকান মালিক হত্যা: দুই আসামি গ্রেপ্তার

সূত্রঃ বিডি মেইল

আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি


গাজীপুর মহানগরীর গাছা থানার ভূষিরমিল রোড এলাকায় জুয়েলারি ব্যবসায়ী ও স্বর্ণকার আবুল কালাম আজাদ হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁদের আদালতে হাজির করা হলে হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মো. নাছির উদ্দিন (৩২) ও মধুপুর উপজেলার মো. সুজন মিয়া (২৭)। তাঁদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালংকার, নিহত আবুল কালাম আজাদের ব্যবহৃত মোবাইল ফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে।


পুলিশ জানায়, গত ২৩ আগস্ট দিবাগত রাত থেকে ২৪ আগস্ট ভোরের মধ্যে ভূষিরমিল রোড এলাকায় ‘সাদিয়া জুয়েলার্স’-এ ঢুকে দুর্বৃত্তরা দোকানের মালিক আবুল কালাম আজাদকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। পরে দোকান থেকে বিভিন্ন স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা।


এ ঘটনায় নিহতের ভাই মো. কামাল হোসেন বাদী হয়ে ২৪ আগস্ট গাছা থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৪৪৮, ৩০২, ৩৯৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।


মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার টাঙ্গাইলের ঘাটাইল ও মধুপুর এলাকায় অভিযান চালায় গাছা থানা পুলিশের একটি বিশেষ দল। অভিযানে নাছির উদ্দিন ও সুজন মিয়াকে গ্রেপ্তার করা হয়।


পুলিশের দাবি, গ্রেপ্তারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লুট হওয়া স্বর্ণালংকার ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটিও জব্দ করা হয়।


গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এস এম শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর দুই আসামিকে আদালতে হাজির করা হলে তাঁরা স্বেচ্ছায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।


আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।