‘ফ্যামিলি কার্ডকে ধোঁকাবাজি বলেও নিজেদের লোক নেওয়ার চেষ্টা, এটাকে মুনাফেকি বলা হয়’
সূত্রঃ বিডি মেইল
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১ নম্বর কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কৃষ্ণনগর বাজারের কালিকাপুর রোডসংলগ্ন এলাকায় কার্যালয়টির উদ্বোধন করা হয়।
কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএম রবিউল্যাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন। কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব শেখ এবাদুল ইসলাম।
অনুষ্ঠানে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্টু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, সহসভাপতি আব্দুল খালেক, কিষান মজদুর ইউনাইটেড একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রহমান, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিউল আজম মিলন, কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আমিনুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, কৃষ্ণনগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হুমায়ুন কবিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, “একটি দল নির্বাচনের আগে বলেছিল ফ্যামিলি কার্ড ধোঁকাবাজি। অথচ তারাই আবার তদারকি ও কর্মকর্তাদের মিসগাইড করে ফ্যামিলি কার্ডের শুমারিতে নিজেদের লোক নেওয়ার চেষ্টা করেছে। এটাকে মুনাফেকি বলা হয়।”
তিনি বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের এ বিষয়ে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।









