ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক যোগাযোগ বন্ধ

সূত্রঃ বিডি মেইল

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি


ভোররাতের কয়েক ঘণ্টার ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি জেলা সদর, মহালছড়ি ও দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আকস্মিক বন্যায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।


বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতভর বৃষ্টির কারণে পাহাড়ি ঢল নেমে মহালছড়ির বিভিন্ন নিম্নাঞ্চল তলিয়ে যায়। মহালছড়ির সড়ক পানিতে ডুবে যাওয়ায় সকাল থেকে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুই জেলার যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা চরম দুর্ভোগে পড়েছেন।


এদিকে খাগড়াছড়ি জেলা সদরের ইসলামপুর, শালবন, মোহাম্মদপুর, মুসলিমপাড়া ও মিলনপুর এলাকার নিম্নাঞ্চলও পানিতে তলিয়ে গেছে। অনেকের বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ে। তবে সকালে বৃষ্টি থেমে যাওয়ায় এসব এলাকা থেকে পানি নামতে শুরু করেছে।


আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি জেলা শহরের বন্যাদুর্গত মানুষের মধ্যে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে রান্না করা খাবার ও সুপেয় পানি বিতরণ করা হয়েছে।


দুর্যোগের সময়ে সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।