বোয়ালমারীতে বিএসটিআইয়ের অভিযান, দুই বেকারি সিলগালা
সংগৃহীত
মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে বিএসটিআইয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে দুটি বেকারি সিলগালা করা হয়েছে। এ ছাড়া তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সিএম লাইসেন্স ছাড়া বিস্কুট ও ব্রেড উৎপাদন এবং বিক্রির দায়ে সুতলিয়া মধ্যপাড়ার বিল্লাল বেকারি ও রূপাপাত বাজারের মিনহা বেকারি অ্যান্ড কনফেকশনারি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।
এ ছাড়া রূপাপাত বাজারের হাবিব বেকারিকে মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৫ হাজার টাকা, ফাইভ স্টারকে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় ৩ হাজার টাকা এবং মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈম। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট) মোঃ খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত পণ্য এবং সঠিক পরিমাপ নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমকে/বিএম২৪









