নোবিপ্রবিতে এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ১০:০১ পিএম
নোবিপ্রবিতে এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সংগৃহীত

মো: শফিউল আলম, নোবিপ্রবি প্রতিনিধি


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে। ‘নেভিগেটিং দ্য এআই ফিউচার ফর এনএসটিইউ স্টুডেন্টস’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একসময় বিশ্ব কম্পিউটারের যুগে প্রবেশ করেছিল। তখন কম্পিউটার জানা ছিল বিশেষ দক্ষতা। একইভাবে বর্তমানে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে প্রবেশ করেছে। ভবিষ্যতে এআই সম্পর্কে জ্ঞান ও এর যথাযথ ব্যবহার না জানলে কর্মক্ষেত্রে টিকে থাকা এবং পেশাগত দক্ষতা অর্জন কঠিন হয়ে পড়বে। তাই শিক্ষার্থীদের এখন থেকেই এআই সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা গড়ে তুলতে হবে।


তিনি আরও বলেন, এআইয়ের ওপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে নিজেদের জ্ঞান, মেধা ও দক্ষতার সঙ্গে সমন্বয় করে এর ব্যবহার নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের এআইকে ইতিবাচক ও মানবকল্যাণমূলক কাজে ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই এমন কাজে এআই ব্যবহার করা উচিত নয়, যার মাধ্যমে ব্যক্তি, সমাজ কিংবা রাষ্ট্রের ক্ষতি হয়।


উচ্চশিক্ষায় এআই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে উল্লেখ করে উপাচার্য গবেষণা, উদ্ভাবন, চিকিৎসা, কৃষি, প্রকৌশল, প্রযুক্তি ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে এআই প্রযুক্তি দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, ‘সেন্ড এ লিটল হোপ’-এর কান্ট্রি ডিরেক্টর ড. মোহাম্মদ শাহাব উদ্দিন এবং আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী।


কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


এমকে/বিএম২৪