বেরোবির শহীদ মুখতার ইলাহী হলে আধুনিক রিডিং রুমের উদ্বোধন
সূত্রঃ সংগৃহীত
কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলে নতুন ও আধুনিক রিডিং রুমের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (৯ আগস্ট) বিকেলে হলের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে রিডিং রুমটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, শিক্ষার্থীরা যাতে সুস্থ ও সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য। হলের আবাসিক শিক্ষার্থীদের সুবিধার্থে আধুনিক রিডিং রুমের ব্যবস্থা করা হয়েছে। পড়াশোনার পরিবেশই শিক্ষার্থীদের জ্ঞানের প্রতি আকৃষ্ট করে। এই পরিবেশ বজায় রাখার দায়িত্বও শিক্ষার্থীদের নিতে হবে।
উপাচার্য আরও বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও রিডিং রুমের মাধ্যমে শিক্ষার্থীরা যেন তাদের মেধা বিকাশের পূর্ণ সুযোগ পায়। আগামীতে প্রয়োজনীয় বই ও গবেষণার সুযোগ বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. কামরুজ্জামানসহ সহকারী প্রভোস্টরা উপস্থিত ছিলেন। এছাড়া হলের আবাসিক শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, প্রফেসর ড. কামরুজ্জামানের তত্ত্বাবধানে শহীদ মুখতার ইলাহী হলের উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলায় আবাসিক শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
এমকে/বিএম২৪









