বাগেরহাটে নিখোঁজের ১২ দিন পর পুকুরপাড়ে মিলল বৃদ্ধার পচাগলা মরদেহ

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০১:০১ পিএম
বাগেরহাটে নিখোঁজের ১২ দিন পর পুকুরপাড়ে মিলল বৃদ্ধার পচাগলা মরদেহ

প্রতীকী ছবি

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি


বাগেরহাটের চিতলমারীতে নিখোঁজ হওয়ার ১২ দিন পর মিনি বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করা হয়েছে।


রোববার (১ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বড়বাড়িয়া নতুন পাড়া গ্রামের নালুয়া বাজারসংলগ্ন একটি ঘেরের পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


মিনি বেগম ওই গ্রামের মৃত সোলাইমান ফকিরের স্ত্রী। তার চার মেয়ে ও দুই ছেলে রয়েছে। তিনি বড় ছেলে আলামিনের সঙ্গে বসবাস করতেন।


পরিবারের সদস্যরা জানান, গত ২০ অক্টোবর মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে মিনি বেগম নিখোঁজ হন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। রোববার বিকেলে তার ছোট মেয়ে ময়না বেগম বাড়ির উত্তর-পশ্চিম পাশে পুকুরপাড় থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে যান। এ সময় তিনি মায়ের মরদেহ দেখতে পান।


নিহতের ছেলে আলামিন জানান, তার মা প্রায় ২০ বছর ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। একপর্যায়ে তাকে কোমরে শিকল দিয়ে আটকে রাখার মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল।


খবর পেয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে. এম. মাসুম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাটে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


মিনি বেগমের মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অপেক্ষা করছে পুলিশ।