বগুড়ার সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ আর নেই
আবুল কালাম আজাদ। ফাইল ছবি
নাজিরুল ইসলাম, বগুড়া প্রতিনিধি
দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস ইনচার্জ ও বগুড়া প্রেসক্লাবের একাধিকবার নির্বাচিত সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ (৫২) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জানাজা শেষে বগুড়ার ঐতিহ্যবাহী ভাই পাগলার মাজার গোরস্থানে তাকে দাফন করা হবে।
সাংবাদিক আবুল কালাম আজাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বগুড়ার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। ভোর থেকেই তার দীর্ঘদিনের সহকর্মীরা বাসায় ছুটে আসেন। বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সহসভাপতি রাহাত রিটু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমানসহ সাংবাদিক নেতারা তার বাসভবনে উপস্থিত হয়ে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার আমির আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারি আ.স.ম. আব্দুল মালেক মরহুমের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
আবুল কালাম আজাদ দৈনিক নয়া দিগন্তের পাশাপাশি বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথায় তার সাংবাদিকতার হাতেখড়ি। পরবর্তী সময়ে তিনি দৈনিক আজ ও আগামীকাল এবং দৈনিক উত্তর কোণ পত্রিকায় কাজ করেন। দীর্ঘদিন দৈনিক সংগ্রামের বগুড়া জেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশনের বগুড়া প্রতিনিধি ছিলেন তিনি। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সিনিয়র সদস্য ছিলেন আবুল কালাম আজাদ।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দ ও সাধারণ সম্পাদক মেহেরুল হাসান সুজন, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল ও সাধারণ সম্পাদক এম আলিম, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম।
এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার আমির আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারি আ.স.ম. আব্দুল মালেক, বগুড়া জেলা শাখার আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার ও সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।









