ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান: হিরা ফুড প্রোডাক্টস সিলগালা, জরিমানা ১৭ হাজার টাক
সংগৃহীত
মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে বিএসটিআইসহ বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদনের দায়ে হিরা ফুড প্রোডাক্টস নামে একটি কারখানা সিলগালা করা হয়েছে। অভিযানে নিয়মিত মামলার পাশাপাশি কয়েকজন মাদকাসক্ত ব্যক্তিকেও আটক করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় জেলা প্রশাসন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ইশিবপুর এলাকার হিরা ফুড প্রোডাক্টসে সিএম লাইসেন্স ছাড়াই বিস্কুট ও চানাচুর উৎপাদন এবং বিক্রয়-বিতরণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে কারখানাটি সিলগালা করা হয়। একই সঙ্গে কারখানায় থাকা বিস্কুট ও চানাচুর ধ্বংস করা হয়।
এ ছাড়া কানাইপুরের অমি ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে পানির জারে লেবেল ব্যবহার না করার দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, কানাইপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ছাড়াই ‘ডাক্তার’ পদবি ব্যবহার করার অভিযোগে একজনকে আটক করে নিয়মিত মামলা করা হয়।
এ ছাড়া নিবন্ধন না থাকায় হোটেল ঈগল (আবাসিক)-টু-কে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী ৭ হাজার টাকা জরিমানা করা হয়। ওই প্রতিষ্ঠানে ডোপ টেস্টের মাধ্যমে মাদকাসক্ত হিসেবে শনাক্ত হওয়ার পর কয়েকজনকে আটক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল এবং মোঃ সাকিব রহমান আকাশ। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট) মোঃ খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস. এম. সোহরাব হোসেন।
বিএসটিআই, ফরিদপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভেজাল ও মানহীন পণ্য উৎপাদন এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমকে/বিএম২৪








