দেশে শান্তি ফিরছে না আ.লীগ-বিএনপির কারণে: নাহিদ ইসলাম

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০২ পিএম
দেশে শান্তি ফিরছে না আ.লীগ-বিএনপির কারণে: নাহিদ ইসলাম

সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


আওয়ামী লীগ ও বিএনপিকে ঘিরে দেশের রাজনীতিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে এখনো দেশে শান্তি ফিরে আসেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে অভিযোগ করে তিনি বলেন, স্বৈরাচার ও চাঁদাবাজেরা এক হয়ে দেশ ধ্বংসের নীলনকশা করছে।


মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এনসিপির শরীয়তপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, “ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারতেন না।” তিনি অভিযোগ করেন, আগে যারা অর্থ পাচার করেছিল, তাদের জায়গায় এখন নতুন অর্থ পাচারকারীরা এসেছে।


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিভিন্ন পর্যায়ে সিন্ডিকেট গড়ে ওঠায় পণ্যমূল্য বেড়েছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।


তারেক রহমানের উদ্দেশে তিনি আরও বলেন, বিএনপির মধ্যে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। তা না হলে তাঁর পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না।


প্রশাসনের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে।


সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনের পর বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে নির্বাচিত হলে তাঁরা আশা করেছিলেন, দলটি জনগণের সরকার হয়ে উঠবে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ ও সারের ডিলার নিয়োগের সময় দলীয় স্বার্থ প্রাধান্য পাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।


সারজিস আলম আরও বলেন, সারের ডিলার নিয়োগে ব্যবসায়িক অভিজ্ঞতা ও যোগ্যতার পরিবর্তে সংসদ সদস্যদের ছেলে বা আত্মীয়দের বিবেচনায় নেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, বিএনপি এখনো নিজেদের দলের গণ্ডি থেকে বেরিয়ে জনগণের সরকার হয়ে উঠতে পারেনি।


সভায় বক্তারা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা সমাধানে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং রাজনৈতিক দলগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।


সভায় উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আদীব আরিফ, শ্রমিক শক্তির সদস্যসচিব ঋজু মোর্শেদ এবং দলটির কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা এনসিপির সদস্যসচিব সবুজ তালুকদার। এ ছাড়া জেলা যুবশক্তির আহ্বায়ক কাউসার, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইয়াসিন এবং নারীশক্তি ও শ্রমিকশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এমকে/বিডিমেইল২৪