নাট্যজন মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আলমারি-ওয়ারড্রব
সংগৃহীত
বিনোদন ডেস্ক
দেশের বরেণ্য নাট্যজন ও অভিনেতা মামুনুর রশীদের টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকার পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানার ঘটনা ঘটেছে। বাড়ির বারান্দার গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি, ফাইল ক্যাবিনেট ও ওয়ারড্রবের জিনিসপত্র তছনছ করা হয়েছে। এ ঘটনায় সোমবার (১২ অক্টোবর) টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ করেছেন তাঁর বোন আফিয়া খান।
আফিয়া খান জানান, ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন। টাঙ্গাইলে ফিরে থানায় অভিযোগ করেন। তাঁদের বাবা-মায়ের স্মৃতিবিজড়িত বাড়িটিতে এমন ঘটনা ঘটায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। বাড়িতে থাকা তিনটি স্টিলের আলমারি, একটি কাঠের ওয়ারড্রব ও একটি ফাইল ক্যাবিনেট তছনছ করা হয়েছে। ঠিক কী কী জিনিস চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেননি তাঁরা।
তিনি বলেন, বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবকিছু যাচাই করে চুরি যাওয়া জিনিসপত্রের তালিকা তৈরি করতে সময় লাগবে।
এ বিষয়ে নাট্যজন মামুনুর রশীদ বলেন, দুর্বৃত্তরা বাড়ির আলমারি ও ফাইল ক্যাবিনেট ভেঙে জিনিসপত্র এলোমেলো করে ছড়িয়ে রেখেছে। তাঁর প্রয়াত মা ওই বাড়িতে থাকতেন। চুরির ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তবে কী কী জিনিস খোয়া গেছে, তা তাঁর বোনেরা এখনো নিশ্চিত করতে পারেননি।
জেলা প্রতিনিধি সূত্রে জানা গেছে, গত শনিবার (১০ অক্টোবর) টাঙ্গাইল শহরের ময়মনসিংহ সড়কের পলাশতলী এলাকার বাড়িটিতে এ ঘটনা ঘটে। কয়েক দিন আগে ঢাকায় যাওয়ার সময় আফিয়া খান তাঁর পূর্বপরিচিত শফিকুর রহমানকে বাড়িটি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান।
শনিবার সকাল ৯টার দিকে শফিকুর বাড়িতে তালা লাগিয়ে বাইরে যান। সে সময় বাড়ির সবকিছু স্বাভাবিক ছিল। পরে বিকেল ৫টার দিকে ফিরে তিনি বারান্দার গ্রিলের তালা ভাঙা দেখতে পান। ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষের মেঝেতে জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। এ সময় তিনটি স্টিলের আলমারি ভাঙা এবং কাঠের ওয়ারড্রবটি খোলা অবস্থায় পাওয়া যায়। আলমারিগুলোতে পরিবারের নয় ভাই-বোনের মূল্যবান জিনিসপত্র রাখা ছিল।
টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জী জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। মামুনুর রশীদের বোন আফিয়া খান অভিযোগটি করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
এমকে/বিডিমেইল২৪









