ককরোচ জনতা পার্টির আন্দোলনে তারকারা, শাবানা-নাসিরউদ্দিন ও প্রকাশ রাজের সংহতি
সংগৃহীত
অনলাইন ডেস্ক
ভারতের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলন ঘিরে সরব হয়েছেন বলিউডসহ দেশটির বিনোদনজগতের একাধিক তারকা। শিক্ষা খাতের অনিয়ম, তরুণদের ভবিষ্যৎ এবং ভোটার তালিকা সংশোধনসহ বিভিন্ন ইস্যুতে শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়েছেন শাবানা আজমি, নাসিরউদ্দিন শাহ ও প্রকাশ রাজের মতো পরিচিত অভিনয়শিল্পীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানাচ্ছেন অনেকে।
গত ২ অক্টোবর মুম্বাইয়ের শিবাজি পার্কে আয়োজিত এক সমাবেশে অংশ নেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। সেখানে ভোটাধিকার রক্ষা এবং গণতান্ত্রিক অধিকার সম্পর্কে নাগরিকদের সচেতন থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। একই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভিনেতা নাসিরউদ্দিন শাহ। আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের সঙ্গে তাঁর আলিঙ্গনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই সমাবেশে নির্মাতা বিশাল ভরদ্বাজ, সংগীতশিল্পী বিশাল দাদলানি ও অভিনেতা অতুল কুলকার্নিও উপস্থিত ছিলেন।
আন্দোলনের সাম্প্রতিক কর্মসূচিতেও দেখা গেছে তারকাদের অংশগ্রহণ। গত ৮ অক্টোবর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে আয়োজিত বিক্ষোভে যোগ দেন অভিনেতা প্রকাশ রাজ ও জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে সেখানে প্রতিবাদ জানানো হয়। তাঁদের উপস্থিতি আন্দোলনটির প্রতি সাংস্কৃতিক অঙ্গনের সমর্থনকে আরও আলোচনায় নিয়ে এসেছে।
শুধু সমাবেশে উপস্থিত থাকাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বিনোদনজগতের অনেকে। ভারতীয় সংবাদমাধ্যম মিন্টের প্রতিবেদন অনুযায়ী, শাবানা আজমির শেয়ার করা প্রতিবাদের ভিডিও পুনরায় প্রকাশ করেন অভিনেত্রী দিয়া মির্জা ও কঙ্কনা সেনশর্মা। এ ছাড়া রিচা চাড্ডা, টুইঙ্কল খান্না, জোয়া আখতার, শিবানী আখতার, তারা শর্মা সালুজা ও সাবা পাতৌদিও ভিডিওটির মন্তব্য বিভাগে প্রতিক্রিয়া জানান।
তবে তরুণদের আন্দোলনের পাশে দাঁড়ানোর ঘটনা এবারই প্রথম নয়। গত জুলাইয়ে দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় অভিনেতা রিতেশ দেশমুখ ও জেনেলিয়া দেশমুখ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের প্রতি সমর্থন জানিয়েছিলেন। অভিনেত্রী ভূমি পেড়নেকর ও নির্মাতা-অভিনেত্রী নন্দিতা দাসও শিক্ষার্থীদের দাবির প্রতি মনোযোগ দেওয়া এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরেছিলেন।
সব মিলিয়ে, ককরোচ জনতা পার্টির আন্দোলনে তারকাদের এই সম্পৃক্ততা ভারতের তরুণদের দাবি, ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিয়ে চলমান আলোচনাকে আরও বিস্তৃত করেছে।
এমকে/বিএম২৪









