প্রেমিকের বাড়ির সামনে বিষপান, শেষ রক্ষা হলো না তরুণীর

প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১২:১৬ এএম
প্রেমিকের বাড়ির সামনে বিষপান, শেষ রক্ষা হলো না তরুণীর

কুতুবদিয়া প্রতিনিধি :

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে প্রেমিকের বাড়ির সামনে বিষপানের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, লেমশীখালীর কবিরা পাড়ার নাজের হোসেনের মেয়ে জিন্নাত আরার সঙ্গে নয়া ঘোনা গ্রামের হানিফার ছেলে রহিম উল্লাহর দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার (১৫ মে) রহিম উল্লাহর বিয়ের আয়োজন চলছিল। দক্ষিণ ধুরুং আলী পাড়া থেকে কনে আনার প্রস্তুতির মধ্যেই প্রেমিকের বিয়ের খবর পেয়ে পরিবারের কাউকে কিছু না জানিয়ে প্রেমিকের বাড়িতে যান জিন্নাত আরা।সেখানে বিয়ের আয়োজন দেখতে পেয়ে সবার সামনেই তিনি বিষপান করেন বলে স্থানীয়রা জানান।

পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয়।

এ বিষয়ে কুতুবদিয়া থানার (ওসি) মাহবুবুল হক জানান, ঘটনাটি কেন্দ্র করে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।