'তোমার জন্য প্রশ্ন জোগাড় করেছি', ছাত্রীকে বিশ্ববিদ্যালয় শিক্ষক

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৯:০৬ পিএম
'তোমার জন্য প্রশ্ন জোগাড় করেছি',  ছাত্রীকে বিশ্ববিদ্যালয় শিক্ষক

ডেস্ক রিপোর্ট:

ভারতের লখনৌ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে অনৈতিকভাবে চাপ দেওয়ার অভিযোগে এক সহকারী অধ্যাপককে আটক করেছে পুলিশ।

সম্প্রতি ফাঁস হওয়া একটি ফোনালাপের অডিও ঘিরে ঘটনাটি ব্যাপক আলোচনায় এসেছে । শনিবার (১৬ মে) এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, অভিযুক্ত শিক্ষক পরমজিৎ সিং বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।

অভিযোগ অনুযায়ী, তিনি এক ছাত্রীকে পরীক্ষার আগেই প্রশ্নপত্র দেওয়ার আশ্বাস দিয়ে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য বারবার চাপ দিতেন।ভাইরাল হওয়া অডিও ক্লিপে শিক্ষককে বলতে শোনা যায়, 'ডার্লিং, তোমার জন্য দুটি প্রশ্নপত্র জোগাড় করেছি। কবে দেখা করতে আসবে?' জবাবে ছাত্রী বলেন, তিনি পড়াশোনা শেষ করেছেন এবং প্রশ্নপত্রের প্রয়োজন নেই।

অভিযোগ রয়েছে, এরপরও শিক্ষক পরীক্ষার আগেই তার সঙ্গে দেখা করার জন্য চাপ দিতে থাকেন। অডিওর একপর্যায়ে ছাত্রী অভিযোগ করেন, তাকে ব্যক্তিগত উদ্দেশ্যে ডাকার চেষ্টা করা হচ্ছে।পরে প্রাণিবিজ্ঞান বিভাগের ওই শিক্ষার্থী দুটি অডিও রেকর্ড বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেন। বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন।

ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বিশেষ কমিটি গঠন করেছে। উপাচার্য জে পি সাইনি অভ্যন্তরীণ অভিযোগ কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে পুলিশ অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। তবে তার দাবি, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে।

ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী সংগঠন 'অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)' ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। সংগঠনটির নেতারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো অভিযোগই গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।

সূত্র: এনডিটিভি