কুতুবদিয়ায় দুই ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃ/ত্যু

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১১:২৪ পিএম
কুতুবদিয়ায় দুই ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃ/ত্যু

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার পৃথক দুই ইউনিয়নে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) কৈয়ারবিল ও লেমশীখালী ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সকাল ১১টার দিকে কৈয়ারবিল ইউনিয়নের বিন্দাপাড়া এলাকার রমিজ আলমের ছেলে সৈয়দ হাসান (৩) পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জয়নব বেগম শিশুটিকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একইদিন দুপুর ১ টার দিকে লেমশীখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করলাপাড়া এলাকার বাসিন্দা এরশাদের ছেলে সাব্বির (৫) পুকুরে ডুবে মারা যায়। বিষয়টি হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত রাশেদুল ইসলাম নিশ্চিত করেছেন।

স্থানীয় সমাজকর্মী নাজমুল হুদা সাকিব বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা বর্তমানে মহামারীর রূপ নিয়েছে। এ মৃত্যুহার কমাতে আমরা বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছি। পাড়া-মহল্লায় গিয়ে নিয়মিত প্রচার-প্রচারণাও চালানো হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এখনো আশানুরূপ সুফল পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হতে হবে। পরিবার ও অভিভাবকরা দায়িত্বশীল হলে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

 শিশুদের প্রতি পর্যাপ্ত নজরদারি ও সচেতনতার অভাবে এ ধরনের দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।