পিরোজপুরে মুক্তিযোদ্ধার জানাজায় বাধার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
ছবি: বিডি মেইল
মো. মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির মৃত্যুর পর তার জানাজা ও দাফনে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ।
সোমবার (২ নভেম্বর) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা শাখার আহ্বায়ক এম এ সালাম লাল, সদস্যসচিব নজরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক শহীদ পারভেজ।
বক্তারা পিরোজপুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি এ বিষয়ে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।
কর্মসূচিতে ফরিদপুরের নয়টি উপজেলার মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডারসহ বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।









