পাবনার ফরিদপুরে জাতীয় যুব দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০২:০৫ পিএম
পাবনার ফরিদপুরে জাতীয় যুব দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা

সংগৃহীত

মো. আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি


‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ফরিদপুরে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।


উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ।


অনুষ্ঠানে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে তরুণদের মেধা, সৃজনশীলতা এবং কর্মক্ষমতাকে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।


জাতীয় যুব দিবস উপলক্ষে দেশজুড়ে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম, স্বেচ্ছায় রক্তদান, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ এবং যুব ঋণ বিতরণ। এ ছাড়া প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ ও সফল তরুণ উদ্যোক্তাদের সম্মাননা প্রদানের কর্মসূচিও রয়েছে।


বাংলাদেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ যুবসমাজ। জাতীয় উন্নয়ন ও অর্থনীতির অগ্রযাত্রায় এ জনগোষ্ঠীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বেকারত্ব, প্রয়োজনীয় দক্ষতার অভাব, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং সীমিত কর্মসংস্থানের সুযোগ তরুণদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।


এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের প্রসার, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারি-বেসরকারি উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।


সংশ্লিষ্টদের মতে, তরুণদের শুধু চাকরিপ্রার্থী নয়, বরং দক্ষ কর্মী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে দেশের অর্থনীতি ও সামগ্রিক উন্নয়ন আরও গতিশীল হবে।


এমকে/বিএম২৪