পানিতে ডুবে ৩ জেলায় ৪ শিশুসহ ৬ জনের মৃত্যু
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশের তিন জেলায় পানিতে ডুবে চার শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাবনায় মাঠের জমে থাকা পানিতে ডুবে তিন শিশু, নোয়াখালীতে বাড়ির পাশের পানিতে পড়ে এক শিশু এবং কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
পাবনা:
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দাশপাড়া গ্রামে মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭), আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, দুপুরে কয়েকজন শিশু বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে একজন পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুজন ডুবে যায়। পরে স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
নোয়াখালী:
নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে পানিতে ডুবে মো. ফালাক (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
ফালাক ওই গ্রামের মো. আব্দুর রহিম সোহেলের একমাত্র ছেলে। পরিবারের সদস্যরা জুমার নামাজে থাকার সময় সবার অগোচরে শিশুটি পানিতে পড়ে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ জেটিঘাটসংলগ্ন নাফ নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—শাহপরীর দ্বীপ উত্তরপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১৩) এবং কেফায়েত উল্লাহর ছেলে মোহাম্মদ আরজিন (১৪)।
স্থানীয়রা জানান, কয়েকজন শিশু নাফ নদীতে গোসল করতে নামলে স্রোতের টানে নিশান ও আরজিন গভীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় জেলে ও কোস্টগার্ড সদস্যরা প্রায় চার ঘণ্টা তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
টেকনাফ মডেল থানার পুলিশ জানিয়েছে, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
ছয়জনের মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমকে/বিএম২৪









