পলাশবাড়ীতে মোটর মালিক-শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা, পূর্বের মতো চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম
পলাশবাড়ীতে মোটর মালিক-শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা, পূর্বের মতো চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’

সূত্রঃ সংগৃহীত

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধি


গাইবান্ধার পলাশবাড়ীতে মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মধ্যস্থতায় উভয় পক্ষের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে আলোচনার মাধ্যমে এ বিরোধের মীমাংসা করা হয়।


শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাম্প্রতিক সময়ে কয়েক দফায় সৃষ্ট মতবিরোধ ও যানবাহন চলাচলসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। পরে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি করা হয়।


বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং পরিবহন খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন।


বৈঠকে সিদ্ধান্ত হয়, ‘বকুল এন্টারপ্রাইজ’ নামের গাড়িটি পূর্বের মতো সড়কে চলাচল করতে পারবে। এ সিদ্ধান্তের ফলে গাড়িটির চলাচল নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তারও অবসান হলো।


বৈঠকে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি এনামুল হক মকবুল, সহসভাপতি রবিউল ইসলাম লিয়াকত, বাস মালিক বকুল, মিজানুর রহমান নিক্সন, ফরহাদ মাস্টার, আলম মণ্ডল, হারুন অর রশিদ হারুন, শাহ আলম ও রনি প্রমুখ উপস্থিত ছিলেন।


অন্যদিকে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মুশফিকুর রহমান রিপন, সহসভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হানিফ, সহ-সম্পাদক মিল্লাত সরকার মিলন, প্রচার সম্পাদক রাজু আহমেদ ও সদস্য মাহাদুল হাসান মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বৈঠক শেষে উভয় পক্ষের নেতৃবৃন্দ বিরোধের অবসানকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। ভবিষ্যতে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।


এমকে/বিএম২৪