পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজন সেমিনার
সূত্রঃ সংগৃহীত
সফিকুল ইসলাম আকাশ; পবিপ্রবি প্রতিনিধি,
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে দুই দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
‘Developing the Mindset for Successful Journey’—এই প্রতিপাদ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু ডিগ্রি অর্জনের সময় নয়; এটি নিজেকে নতুনভাবে আবিষ্কার এবং ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ সময়। কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা ও শেখার আগ্রহ থাকলে যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। তিনি নবীন শিক্ষার্থীদের মধ্যে এমন ইতিবাচক মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, পটুয়াখালী-বরিশাল অঞ্চল নদী, খাল ও জলাশয়ে পরিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীদের সাঁতার শেখা জরুরি। দেশের ৬৪ জেলা থেকে আসা নবীনদের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে তুলতে হবে, যাতে তারা নতুন পরিবেশে সহজে মানিয়ে নিতে পারে।
উপাচার্য আরও বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের লাইব্রেরি ব্যবহার, গবেষণায় মনোযোগ এবং নতুন প্রযুক্তি ও দক্ষতা অর্জন করতে হবে। বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে পুঁথিগত শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।
সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, বিতর্ক সংগঠন, সাংস্কৃতিক ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত হলে শিক্ষার্থীদের নেতৃত্বের গুণ, দলগতভাবে কাজ করার সক্ষমতা ও যোগাযোগ দক্ষতা বাড়বে। এসব দক্ষতা ভবিষ্যৎ ক্যারিয়ারে সফল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নেছারউদ্দিন আহমেদ নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন পরামর্শ দেন।
কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ওশানোগ্রাফি অনুষদের ডিন ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক এম জহুরুল হক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের অধ্যাপক আবুল বাশার খান, ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল হক, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল আমিন এবং ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের মো. আব্দুর রহিম।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪








