সৌদি আরবে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৪:৪৩ পিএম
সৌদি আরবে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।


বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার চতুর্থ শাখায় সেরা হন তিনি। এ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কুরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।


রাজধানী ঢাকার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী নুরুদ্দিন জাকারিয়া প্রতিযোগিতার সব ধাপ সফলভাবে অতিক্রম করে সেরা হওয়ার গৌরব অর্জন করেন।


প্রতিযোগিতা চলাকালে নিজের অনুভূতি জানিয়ে জাকারিয়া বলেন, পবিত্র কুরআনই তাকে একটি ছোট গ্রাম থেকে মক্কার পবিত্র ভূমিতে নিয়ে এসেছে। মসজিদুল হারামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিতে পারা তার জীবনের অন্যতম বড় সম্মান ও স্মরণীয় অর্জন।


পবিত্র কুরআন বুকে ধারণ করে মক্কার মাটিতে বাংলাদেশের লাল-সবুজ পতাকার মর্যাদা উঁচু করেছেন জাকারিয়া। তার এই সাফল্য দেশের কুরআন শিক্ষা ও মাদরাসা অঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে।


পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত প্রতিযোগিতার বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমানের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি ছিলেন মক্কা অঞ্চলের উপগভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ। অনুষ্ঠানে বিভিন্ন শাখায় সেরা ৫০ জন বিজয়ীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।


এবারের প্রতিযোগিতায় মোট পুরস্কারের পরিমাণ ছিল ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল। এর মধ্যে বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া পেয়েছেন ৫ লাখ সৌদি রিয়াল আর্থিক পুরস্কার।



এমকে/বিএম২৪