তুরস্কের প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, আসছে নিজস্ব স্মার্টফোন

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৪:৩৬ পিএম
তুরস্কের প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, আসছে নিজস্ব স্মার্টফোন

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক



তুরস্কের প্রযুক্তি খাতে নতুন সংযোজন হতে যাচ্ছে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্মার্টফোন। প্রতিরক্ষা খাতের প্রতিষ্ঠান আসেলসান (ASELSAN), রাষ্ট্রীয় টেলিকম অপারেটর তুর্ক টেলিকম এবং টিটিটি ইনোভেশনের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই ফোন। ২০২৭ সালের শুরুতেই নতুন ব্র্যান্ডের তিনটি মডেল বাজারে আনার পরিকল্পনা রয়েছে।


তুর্কি ওয়ার্ল্ড বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান আইদিন এরকোচ ও ভাইস চেয়ারম্যান নিয়াজি বার্কতাশ জানিয়েছেন, তিন মডেলের মধ্যে একটি হবে সরকারি কর্মকর্তাদের ব্যবহারের জন্য উচ্চ নিরাপত্তাসম্পন্ন এনক্রিপ্টেড ফোন। অন্য দুটি মডেলের একটি সাধারণ ক্রেতাদের জন্য সাশ্রয়ী এবং অপরটি হবে আধুনিক প্রযুক্তিসম্পন্ন প্রিমিয়াম সংস্করণ।


প্রাকৃতিক দুর্যোগের সময়ও যাতে যোগাযোগব্যবস্থা সচল থাকে, সে জন্য তিনটি মডেলেই স্যাটেলাইট অ্যান্টেনা যুক্ত করা হবে। ফোনগুলো ধুলো ও পানিরোধী হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় সংবেদনশীল সফটওয়্যার দেশীয় প্রযুক্তিতে এনক্রিপ্ট করা হবে।


প্রকল্পটির কাজ সম্প্রতি আরও জোরদার হয়েছে। নির্মাতারা জানিয়েছেন, প্রসেসিং ক্ষমতা, মেমোরি ও ব্যাটারি সক্ষমতায় আন্তর্জাতিক মান বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম রাখার চেষ্টা চলছে।


স্মার্টফোন তৈরির জন্য প্রথম কারখানা ইস্তাম্বুলে স্থাপন করা হচ্ছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে দ্বিতীয় কারখানাও চালুর পরিকল্পনা রয়েছে। শুরুতে দেশীয় সফটওয়্যার ব্যবহার করা হলেও ভবিষ্যতে তুরস্কের নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরির লক্ষ্য রয়েছে।


প্রকল্পের প্রথম অগ্রাধিকার এনক্রিপ্টেড মডেলটি। এটি শুরুতে সরকারি কর্মকর্তাদের সরবরাহ করা হবে। পরে সাধারণ গ্রাহকদের জন্যও বাজারে ছাড়া হবে। পাশাপাশি তুরস্কের তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি ‘টগ’-এর ডিজিটাল ইন্টারফেসের সঙ্গে ফোনটি সহজে সংযুক্ত করার সুবিধা রাখা হচ্ছে।


নতুন স্মার্টফোন ব্র্যান্ডের নাম চূড়ান্ত করা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া চলছে। ২০২৭ সালের শুরুতে প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ানের উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফোনগুলোর আনুষ্ঠানিক উন্মোচন হতে পারে।




এমকে/বিএম২৪