পদ্মাপাড়ের বন্যার্তদের ত্রাণ-ওষুধ দিলেন রাসিক প্রশাসক
সূত্রঃ সংগৃহীত
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো
পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাজশাহী মহানগরীর তালাইমারি শহীদ মিনারসংলগ্ন নদীতীরে বসবাসরত বন্যাদুর্গত মানুষের মাঝে নিজ হাতে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তিনি এ মানবিক সহায়তা প্রদান করেন।
ত্রাণ বিতরণকালে রাসিক প্রশাসক বন্যাদুর্গত মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের প্রতি সমবেদনা জানিয়ে সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় তিনি বলেন, ‘বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পদ্মা নদীর পানি বাড়ায় যারা দুর্ভোগে পড়েছেন, তাদের কষ্ট উপলব্ধি করে সিটি কর্পোরেশনের পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ত্রাণ নিয়ে পাশে দাঁড়িয়েছে।’
তিনি আরও বলেন, বন্যাকবলিত প্রতিটি পরিবারকে সহায়তা প্রদান করা হচ্ছে। নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে এ সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, মুক্তার হোসেন ও জয়ানাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মুঈদুর রহমান মঈদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, যুগ্ম আহ্বায়ক সাঈদ আলী, দপ্তর সম্পাদক সৈকত পারভেজ, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি, যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রঞ্জু, মহানগর যুবদলের সদস্য ও ২৪ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব সুরাজ আলী, ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, সাবেক সাধারণ সম্পাদক সৌরভসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।









