পঞ্চগড় সুগার মিলের খতিবকে নারীসহ আটক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম
পঞ্চগড় সুগার মিলের খতিবকে নারীসহ আটক

সূত্রঃ সংগৃহীত

পঞ্চগড় প্রতিনিধি


পঞ্চগড়ে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে শহিদুল ইসলাম নামে এক খতিবকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পঞ্চগড় সুগার মিলের কোয়ার্টার থেকে স্থানীয়দের মাধ্যমে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, ক্বারী শহিদুল ইসলাম পঞ্চগড় সুগার মিল জামে মসজিদের খতিব হিসেবে কর্মরত। তার স্ত্রী ও সন্তান ঠাকুরগাঁওয়ে বসবাস করেন। ওই নারীর নাম শাহিনুর আক্তার। তিনি পঞ্চগড় জেলা শহরের ডোকরোপাড়া এলাকার আব্দুস সাত্তারের মেয়ে।


সূত্র জানায়, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে শাহিনুর আক্তার ঢাকা থেকে এসে শহিদুল ইসলামের সুগার মিলের কোয়ার্টারে ওঠেন। রাতে ওই নারী খাবার কিনতে সুগার মিল বাজারে গেলে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে খতিবের সঙ্গে তার অনৈতিক সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকজন যুবক কোয়ার্টারে প্রবেশ করেন। এ সময় সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শহিদুল ইসলাম ও শাহিনুর আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।


শাহিনুর আক্তারের বোন ইসমতারা জানান, শাহিনুর এক হিন্দু ছেলেকে বিয়ে করায় প্রায় এক বছর ধরে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তিনি ঢাকা থেকে ড. আবেদা হাফিজ কলেজে কাগজপত্র তুলতে পঞ্চগড়ে এসেছিলেন। তবে কলেজ বন্ধ থাকায় পরিচিত নানা শহিদুল ইসলামের কোয়ার্টারে আশ্রয় নিয়েছিলেন।


সংযুক্ত দলীয় নথিপত্রের বরাত দিয়ে জানা গেছে, ক্বারী শহিদুল ইসলাম ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল’-এর পঞ্চগড় কমিটির ৬৬ নম্বর তালিকায় সদস্য হিসেবে রয়েছেন।


পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকলেছুর রহমান জানান, উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নারীসহ ইমাম শহিদুল ইসলামকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।