পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের অভিযানে ‘লাল ভাই’ আটক

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১২:১৭ এএম
পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের অভিযানে ‘লাল ভাই’ আটক

সংগৃহীত

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় প্রতিনিধি


পঞ্চগড়ের আটোয়ারীতে ঝটিকা অভিযান চালিয়ে জাহেদুল ইসলাম ওরফে ‘লাল ভাই’ (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। তিনি মাদক, হানিট্র্যাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি।


বৃহস্পতিবার রাতে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।


পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে ১৪৩, ১৮৬, ২২৪, ৩৫৩, ১১৪, ১৮৯, ৩০৭ ও ৩৩২ ধারায় অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বিকেলে তাঁকে পঞ্চগড় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আটোয়ারী থানার ওসি মো. মতিয়ার রহমান বলেন, ‘তাঁকে অনেক দিন ধরেই খোঁজা হচ্ছিল, কিন্তু পাওয়া যাচ্ছিল না। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পঞ্চগড়ের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় তাঁকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


এমকে/বিএম২৪