সাংবাদিক না হলে স্যান্ডেল দিয়ে পেটাতাম’: প্রভা

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম
সাংবাদিক না হলে স্যান্ডেল দিয়ে পেটাতাম’: প্রভা

সংগৃহীত

বিনোদন ডেস্ক


অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এ ঘটনায় পরীমনির পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। পাশাপাশি নিজের জীবনে ঘটে যাওয়া এক অপ্রীতিকর অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন তিনি।


বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় প্রভা জানান, পরীমনির ঘটনাটি নিয়ে চুপ থাকতে পারছেন না তিনি। কিছু বিষয়ে প্রতিবাদ না করলে নিজের বিবেকের কাছে অপরাধী মনে হয় বলেও মন্তব্য করেন অভিনেত্রী। একই সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিকের প্রতি সমর্থন না জানানোর আহ্বান জানান তিনি।


ভিডিও বার্তায় নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে প্রভা বলেন, একটি প্রসাধনীর মেলার অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে কয়েকজন সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন তিনি। এ সময় এক সাংবাদিক একাধিক মাইক্রোফোন নিয়ে তাঁর খুব কাছাকাছি চলে আসেন। বারবার সরে যাওয়ার চেষ্টা করলেও ওই ব্যক্তির হাত তাঁর শরীরের আরও কাছে চলে আসছিল বলে অভিযোগ করেন তিনি।


প্রভার দাবি, ওই সময় পরিস্থিতি আরও খারাপ হতে পারত। সাংবাদিক না হলে নিজের স্যান্ডেল দিয়েই ওই ব্যক্তিকে পেটাতেন তিনি। এমনকি হাসিমুখে ওই সাংবাদিককে বোঝানোর চেষ্টা করেছিলেন যে তাঁর আচরণে তিনি অস্বস্তি বোধ করছেন।


পরীমনির ঘটনাকে কেন্দ্র করে নিজের অভিজ্ঞতা তুলে ধরে প্রভা সংশ্লিষ্ট অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তবে তাঁর ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাঁর বক্তব্যের সঙ্গে একমত হতে পারেননি। আবার কেউ কেউ মন্তব্যের ঘরে তাঁর দাবির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।


এমকে/বিএম২৪