‘বরবাদ’ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন দীঘি
সংগৃহীত
বিনোদন ডেস্ক
অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। এবার তাঁর সঙ্গে নাম জড়িয়েছে ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের। চলচ্চিত্রাঙ্গনে আলোচনা, পরিচালকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দীঘি। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।
দীঘি জানান, তাঁকে ঘিরে ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে তিনি খুব একটা ভাবেন না। এসব বিষয়ে বিরক্তও হন না তিনি। তাঁর মতে, শোবিজ অঙ্গনের একজন তারকাকে নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়ানো স্বাভাবিক বিষয়।
সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে দীঘি বলেন, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়! আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে, যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’
তিনি আরও বলেন, একজন গণমাধ্যমকর্মী ও শিল্পী হিসেবে তাঁকে ঘিরে আলোচনা-গুঞ্জন থাকবেই। বিষয়গুলো হালকাভাবে ও স্বাভাবিকভাবে নেওয়া উচিত। এসব নিয়ে বেশি কথা বলার প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি।
সম্প্রতি নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বিদায়’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন দীঘি। এতে আরও অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু ও মুকিত জাকারিয়াসহ অনেকে। মূলত এই সিনেমায় একসঙ্গে কাজ করার সূত্র ধরেই হৃদয় ও দীঘির প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এমকে/বিএম২৪








