ঢাকার ধামরাই-সাভারে ডিবির অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পিএম
ঢাকার ধামরাই-সাভারে ডিবির অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সূত্রঃ সংগৃহীত

সাভার-ধামরাই প্রতিনিধি: ফাহমিদা হৃদী


ঢাকার ধামরাই, আশুলিয়া ও সাভারে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইন ও ২২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।


রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়।


ডিবি জানায়, রোববার দুপুর ১টা ২০ মিনিটে ধামরাই থানার গোয়ালদী এলাকায় অভিযান চালিয়ে মোস্তফা ওরফে মস্তু (৪৭) ও দেলোয়ার হোসেন (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।


বিকেল ৪টা ১০ মিনিটে আশুলিয়া থানার চানগাঁও এলাকায় অভিযান চালিয়ে কবির হোসেন (৫০) নামে একজনকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।


একই দিন বিকেল ৫টা ৪০ মিনিটে সাভার থানার পোড়াবাড়ী কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে সুলতান মিয়া (২৪) ও মিজারুল ইসলাম (৪২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।


রাত ৯টা ২০ মিনিটে সাভার থানার বক্তারপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে সেতু বেগম (২৬) ও সোহাগী (২৩) নামে দুই নারীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।


সবশেষ রাত ১০টা ৫০ মিনিটে সাভার থানার জোড়পুল তেঁতুলজোড়া এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলী (২৫) নামে একজনকে ৪২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১২ হাজার ৬০০ টাকা।


ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মোস্তফা ওরফে মস্তু ও কবির হোসেনের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি করে মামলা রয়েছে।


গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।



এমকে/বিএম২৪