ডেঙ্গু প্রতিরোধে পঞ্চগড়ে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
সূত্রঃ সংগৃহীত
সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা যুবদল।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা যুবদলের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম কাচ্চু।
পরিচ্ছন্নতা অভিযানটি পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পর্যন্ত পরিচালিত হয়। এ সময় সড়কের আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন কার্যক্রম চালানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জাসাস নেতা ইউনুস শেখ, পৌর বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রনিক, পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ জেলা যুবদলের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে জনসাধারণকে সচেতন করেন।









