ডাকের অপেক্ষা নয়, জরুরি ঘটনায় দ্রুত পৌঁছাবে কিউআরটি
সূত্রঃ সংগৃহীত
আনোয়ারুল ইসলাম রনি, রংপুর ব্যুরো প্রধান
জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশের সহায়তা পৌঁছে দিতে রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। হঠাৎ কোনো ঘটনা বা আইনশৃঙ্খলার অবনতি হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে এসব টিম।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রংপুর রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ পর্যালোচনা সভায় কিউআরটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।
সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ইউনিটের নেতৃত্বে কিউআরটির সদস্যরা দায়িত্ব পালন করবেন। রংপুর মহানগর এলাকায় পুলিশ কমিশনারের নির্দেশনায় এবং জেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ সুপারের (এসপি) নেতৃত্বে টিমগুলো কাজ করবে।
রংপুর বিভাগের প্রতিটি জেলা ও বিভিন্ন বিশেষায়িত পুলিশ ইউনিট থেকে সদস্য বাছাই করে দ্রুত কিউআরটির তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পরে সেই তালিকা পুলিশ হেডকোয়ার্টার্সে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, জরুরি সময়ে দ্রুত সাড়া দেওয়া, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদসহ রংপুর রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগের আট জেলার পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।









