ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ৯০ দিনের মধ্যে, শিগগিরই তফসিল
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে এবং শিগগিরই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই অনেক কিছু দেখবেন এবং অনেক কিছুই আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারব। কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ খুব দ্রুত গতিতে চলছে। সেগুলো শেয়ার করব।”
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের বিষয়ে তিনি বলেন, “ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ২১ আগস্ট শূন্য হয়েছে। আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। এ নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত। সেখানে আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংয়ের প্রস্তুতিও নিচ্ছি। আশা রাখি, অল্প কিছুদিনের মধ্যেই শিডিউল ঘোষণা করতে পারব।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আসনটিতে উপনির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
এদিকে চট্টগ্রাম-৪ আসনের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “এটা তো আদালতের বিচারাধীন। বিচারাধীন বিষয়ে তো আপনি-আমি কিছু বলতে পারি না। সিদ্ধান্ত হোক, অপেক্ষা করা ছাড়া তো উপায় নেই।”
তিনি জানান, আদালতের রায়ের কপি পাওয়ার পর চট্টগ্রাম-৪ আসনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।









