রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পিএম
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সূত্রঃ ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক


ভারতের মহারাষ্ট্রের নাগপুরে রান্না না করে নাচের ক্লাসে যাওয়াকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় কৃষ্ণ লাল যাদব (৪১) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের নাম যামিনী কৃষ্ণ লাল যাদব (৩৮)।


পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনার দিন কাজ শেষে বাড়িতে ফেরেন কৃষ্ণ লাল। তিনি স্ত্রীকে নিজের ও দুই সন্তানের জন্য খাবার রান্না করতে বলেন। কিন্তু যামিনী তখন নাচের ক্লাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রান্না করতে অস্বীকৃতি জানানোয় স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।


পুলিশের অভিযোগ, ঘটনার সময় কৃষ্ণ লাল মদ্যপ ছিলেন। দুই সন্তানের সামনেই তিনি যামিনীর ঘাড় ও পেটে আঘাত করেন। পরে গুরুতর আহত যামিনী ঘাড় ও পেটে প্রচণ্ড ব্যথার কথা জানান এবং স্বামীকে ব্যথানাশক ওষুধ আনতে বলেন।


কৃষ্ণ লাল ওষুধ কিনতে গেলেও দোকান বন্ধ থাকায় খালি হাতে ফিরে আসেন। এদিকে যামিনীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। একপর্যায়ে তার পেট ফুলে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


ঘটনার পর পুলিশ প্রথমে এটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে নথিভুক্ত করে মরদেহ ময়নাতদন্তে পাঠায়। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে যামিনীর শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। এতে ঘাড়ের হাড় ভেঙে যাওয়া, অন্ত্রে গুরুতর ক্ষতি এবং শ্বাসরোধের চিহ্নের কথা উল্লেখ করা হয়।


নিহত যামিনীর ভাই জানান, প্রথমে পরিবারও ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবেই মনে করেছিল। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে গুরুতর আঘাতের তথ্য উঠে আসার পর তারা বিষয়টি নিয়ে সন্দেহ করেন। এরপর পুলিশ যামিনীর স্বামীকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে তাকে গ্রেপ্তার করে।


নিহতের ভাই আরও জানান, স্বামী-স্ত্রীর মধ্যে আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো। যামিনী মাঝেমধ্যে এসব বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেও পরিবারকে দাম্পত্য জীবনে হস্তক্ষেপ না করার অনুরোধ করতেন। তিনি বিষয়টিকে ‘পারিবারিক ব্যাপার’ হিসেবে দেখতেন।


পুলিশ জানিয়েছে, কৃষ্ণ লালের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।