টঙ্গীতে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ চাকু ও ৩ সুইচ গিয়ার

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৬ পিএম
টঙ্গীতে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ চাকু ও ৩ সুইচ গিয়ার

ছবি: বিডি মেইল

আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি


গাজীপুরের টঙ্গী পূর্ব থানা পুলিশের অভিযানে ছিনতাইকারী চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি চাকু ও তিনটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।


শনিবার (২৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।


পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টঙ্গী পূর্ব থানাধীন ব্যাংকের মাঠ এলাকার চিহ্নিত ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছয়টি মামলার আসামি মো. মিজানুর রহমান ও বাদল মিয়া রয়েছেন।


অভিযানে তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত পাঁচটি চাকু ও তিনটি সুইচ গিয়ার উদ্ধার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগ এ তথ্য জানিয়েছে।