২০২৭ সালে রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পিএম
২০২৭ সালে রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


২০২৭ সালের পবিত্র রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাজইনফর্ম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।


প্রকাশিত ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ৯ মার্চ ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আর পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হতে পারে ৫ মার্চ দিবাগত রাতে।


তবে রমজান ও ঈদুল ফিতরের তারিখ নিয়ে ভিন্ন হিসাবও রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র রমজান শুরু হতে পারে। সে হিসাবে ১০ মার্চ বুধবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার চেষ্টা করা হবে। চাঁদ দেখা গেলে ওই রাতেই তারাবিহ নামাজ আদায় শুরু হবে এবং পরদিন থেকে রোজা রাখা হতে পারে।


এদিকে ২০২৭ সালের ঈদুল আজহা বা কোরবানির ঈদ ১৬ থেকে ১৮ মে পর্যন্ত উদযাপিত হতে পারে। এর আগের দিন, ১৫ মে, পবিত্র আরাফাতের দিন পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।


প্রকাশিত বর্ষপঞ্জিতে আরও বলা হয়েছে, ৪-৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২-২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হতে পারে। এ ছাড়া ১৫ জুন পবিত্র আশুরা এবং ১৪-১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী পালনের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে।


তবে এসব তারিখ চূড়ান্ত নয়। চাঁদ দেখার ওপর নির্ভর করে ইসলামি ধর্মীয় অনুষ্ঠানগুলোর তারিখ এক দিন আগে বা পরে হতে পারে।


উল্লেখ্য, বাংলাদেশে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার ভিত্তিতে নির্ধারিত হবে।