কালিয়াকৈরে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই, বাধা দিতে গিয়ে আহত ছেলে
ফাইল ছবি
শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাই করেছে সংঘবদ্ধ একটি চক্র। রোববার (২৫ অক্টোবর) দুপুরে হিজলিতলী পশ্চিমপাড়া এলাকায় একটি সাদা প্রাইভেটকার দিয়ে অটোরিকশার গতিরোধ করে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে ওই ব্যবসায়ীর ছেলে আহত হয়েছেন।
ভুক্তভোগীর বরাতে জানা যায়, রোববার দুপুর আনুমানিক ৩টার দিকে কালিয়াকৈর সোনালী ব্যাংক শাখা থেকে ৫ লাখ টাকা উত্তোলন করেন ওই ব্যবসায়ী। পরে ছেলে এম. তৌহিদ রশিদ ও শ্যালককে সঙ্গে নিয়ে একটি অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা হন তাঁরা।
তাঁদের বহনকারী অটোরিকশাটি হিজলিতলী পশ্চিমপাড়া এলাকায় নদী পার হয়ে সেতুর ওপারে উঠতেই বিপরীত দিক থেকে রং সাইডে আসা একটি সাদা প্রাইভেটকার তাঁদের পথ আটকে দেয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রাইভেটকারটিতে পাঁচজন দুর্বৃত্ত ছিল। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে হাত বাড়িয়ে ব্যবসায়ীর হাতে থাকা টাকার ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয় তারা। এ সময় বাধা দিতে গেলে তাঁর ছেলের হাতে কেটে গুরুতর জখম হয়। পরে ব্যাগটি ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা দ্রুত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী জানান, ছিনতাই হওয়া ব্যাগে নগদ ৫ লাখ টাকা ও ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।
পরে স্থানীয়দের সহায়তায় আহত ছেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ভুক্তভোগী পরিবারের সদস্যরা থানায় যান।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তাঁরা মৌখিকভাবে শুনেছেন। ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং মহাসড়কের বিভিন্ন চেকপোস্টে তথ্য দিয়ে ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
ওসি আরও বলেন, ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলনের পর পুলিশের সহায়তা নেওয়ার জন্য আগেও সবাইকে অনুরোধ করা হয়েছে।
পুলিশের ধারণা, ব্যাংক থেকেই ওই ব্যবসায়ীকে অনুসরণ করে সংঘবদ্ধ চক্রটি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর অংশে ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী ব্যক্তি ও পোশাকশ্রমিকদের বেতনের টাকা ছিনতাইয়ের ঘটনা বেড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।








