জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, গ্রেপ্তার ৩
সংগৃহীত
আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও অভিযান চালিয়ে তাঁদের শনাক্ত করা হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার ব্যক্তিদের রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) গাজীপুর মহানগর পুলিশের সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শুভ (২০), ছানোয়ার হোসেন হৃদয় (২৩) ও ইয়াসিন (২৬)। জিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ইয়াবাসহ দুজনকে আটক করে রেলওয়ে পুলিশ। পরে তাঁদের পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
এ খবর ছড়িয়ে পড়লে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আকস্মিক হামলা চালায়। এ সময় তারা আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
ঘটনার খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে সদর থানার একাধিক কর্মকর্তা ও সদস্য, জিএমপির গোয়েন্দা বিভাগ এবং জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন।
পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে শুভ গাজীপুর মহানগরের ভোড়া হাজীবাগ এলাকার বাসিন্দা। ছানোয়ার হোসেন হৃদয় ও ইয়াসিন পূর্ব চান্দনা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, এ ঘটনায় রেলওয়ে পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এমকে/বিএম২৪









