জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি জনগণ বয়কট করেছে: এমপি কিরণ

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪০ এএম
জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি জনগণ বয়কট করেছে: এমপি কিরণ

ছবি: বিডি মেইল

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


জ্বালাও-পোড়াও ও সহিংসতার রাজনীতি দেশের মানুষ ইতোমধ্যে বয়কট করেছে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ। তিনি বলেন, এ দেশে আর সহিংসতার রাজনীতি চলবে না। অতীতে যারা অন্যায়, অত্যাচার ও জুলুম করেছে, তারা আবারও সহিংসতার পথ বেছে নিলে দেশের ১৮ কোটি মানুষ তা প্রতিরোধে প্রস্তুত রয়েছে।


শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবার পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত এলাকায় আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শফিকুর রহমান কিরণ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তাঁরা কাজ করে যাচ্ছেন। তাঁরা বিশ্বাস করেন, এ দেশে সহিংসতার কোনো সুযোগ নেই। যারা অতীতে সহিংসতা করেছে, তাঁদের বিরুদ্ধে তাঁরা অবস্থান নিয়েছেন। কেউ আবারও সেই পথে এগোতে চাইলে তা প্রতিহত করতে তাঁরা প্রস্তুত।


তিনি বলেন, এ দেশের মানুষ আর অন্যায়, অত্যাচার, জুলুম ও ফ্যাসিবাদী শাসনের সুযোগ দেবে না। অতীতে যারা অন্যায় ও অত্যাচার করেছে, তাদের সংশোধনের সুযোগ ছিল। এজন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। জনগণ যদি তাদের রাজনীতি করার সুযোগ দেয়, তাহলে তারা রাজনীতি করতে পারবে। তবে দেশের মানুষকে জ্বালিয়ে-পুড়িয়ে রাজনীতি করার সুযোগ আর নেই। ইতোমধ্যে জনগণ এ ধরনের রাজনীতি বয়কট করেছে।


তিনি আরও বলেন, যারা সহাবস্থানের রাজনীতি করতে চান, তাঁদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে হবে। সহিংসতার পথ পরিহার করে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে এ দেশে রাজনীতি করার সুযোগ থাকবে। কিন্তু জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি দেশের মানুষ মেনে নেবে না।


দক্ষিণাঞ্চলের মানুষের শান্তিপ্রিয়তার কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুরের মানুষ শান্তিপ্রিয়। তাঁরা শান্তি চান, অশান্তি চান না। এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যাতে দেশের মানুষ মনে করে দক্ষিণাঞ্চলকে অচল করে দেওয়ার চেষ্টা চলছে।


তিনি অভিযোগ করে বলেন, দক্ষিণাঞ্চলকে অচল করতে গিয়ে নিজেদের বাড়িঘরেও আগুন দেওয়া হয়েছে। গোপালগঞ্জ নিজেদের ঠিকানা হওয়া সত্ত্বেও সেখানেও আগুন জ্বালানো হয়েছে এবং সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে।


শফিকুর রহমান কিরণ আরও বলেন, এ দেশের সাধারণ মানুষ রাজনীতি করে অপরাধী নয়। মানুষকে জিম্মি করে কিংবা মানুষের গলা টিপে ধরে রাজনীতি করার দিন শেষ হয়ে গেছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ প্রমাণ করেছে, তারা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। এ দেশে রাজনীতি করতে হলে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে।


শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, আজকের কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। হুইপ মিয়া নুরুদ্দিন অপু, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নিয়েছেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


তিনি দাবি করেন, সাংগঠনিকভাবে বিএনপি অত্যন্ত শক্তিশালী। নির্বাচনে জেলার তিনটি আসনে এর প্রতিফলন দেখা গেছে। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে তাঁরা সবসময় প্রস্তুত ছিলেন এবং এখনো রয়েছেন। তবে কোনো ধরনের ভয়ভীতি কিংবা অপরাধের রাজনীতির জায়গা বিএনপির সাংগঠনিক শক্তির কাছে হবে না।


সহিংসতার রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানিয়ে শফিকুর রহমান কিরণ বলেন, যারা জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করতে চান, তাঁদের এ পথ পরিহার করা উচিত। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্টরা শান্তির পথে ফিরে আসবেন এবং গণতান্ত্রিক রাজনীতিতে অংশ নেবেন। শান্তিপূর্ণ রাজনীতিতে সবাইকে স্বাগত জানানো হবে।


বিক্ষোভ মিছিলে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপু, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দিন কালুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪