আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা চলছে: হুইপ অপু

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩০ এএম
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা চলছে: হুইপ অপু

ছবি: বিডি মেইল

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


দেশের ভেতরে ও বাইরে থেকে সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেন, দেশের শান্তিশৃঙ্খলা নষ্ট করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা করছে পতিত আওয়ামী লীগের দোসররা।


শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতু-ভাঙ্গা মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।


হুইপ অপু বলেন, ‘যারা এ দেশ থেকে পালিয়ে গেছে, তাদের শাসনামলে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। শিশু, নারী, বৃদ্ধ, তরুণ শিক্ষার্থী, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবী মানুষ—কেউই রেহাই পাননি। নৃশংসভাবে মানুষ হত্যা করে তারা দেশ ছেড়ে পালিয়েছে। এখন সেই ফ্যাসিস্ট শক্তি প্রতিবেশী একটি দেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। গত কয়েক সপ্তাহ ধরে দেশে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার অপচেষ্টা চলছে, তার প্রতিবাদ জানাতেই আমাদের এই অবস্থান।’


তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নিরপরাধ ও শান্তিপ্রিয় মানুষকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দিনরাত কাজ করে যাচ্ছেন।


শরীয়তপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জেলার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে এমন পরিবেশ নিশ্চিত করতে চান, যেখানে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটবে না। পেট্রলবোমা নিক্ষেপ, গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ কিংবা বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে কেউ যেন এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট করতে না পারে।


পদ্মা সেতু এলাকার নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে হুইপ বলেন, শরীয়তপুর ও পদ্মা সেতু এলাকা শান্তিপূর্ণ থাকুক, এটাই তাঁদের প্রত্যাশা। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতামূলক সব কর্মকাণ্ডে তাঁরা পাশে থাকতে চান।


তিনি আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সম্পৃক্ত করতে হবে। দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। সেই নাগরিক দায়িত্ববোধ থেকেই শরীয়তপুরের সর্বস্তরের মানুষ এ পদযাত্রায় অংশ নিয়েছেন।


হুইপ অপু বলেন, ‘আমরা কোনো লকডাউন, শাটডাউন কিংবা সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা চাই, সব শ্রেণি-পেশার মানুষ মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করুক। বাংলাদেশের সব গণতান্ত্রিক ও শান্তিপ্রিয় জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে আমরা প্রস্তুত।’


বিক্ষোভ মিছিলে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দিন কালুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪