জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করায় চবির শিক্ষক সাময়িক বরখাস্ত
সূত্রঃ সংগৃহীত
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গত ৩ জুলাই ড. আবদুল ওয়াহেদ চৌধুরী তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি কটাক্ষমূলক পোস্ট দেন। ১১ জুলাই ওই পোস্টের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এর পরিপ্রেক্ষিতে ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর কমিটির সুপারিশ সিন্ডিকেটে উপস্থাপন করা হয়। পরে সিন্ডিকেট সভায় তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া বলেন, ‘অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য নতুন আরেকটি কমিটি গঠন করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানকে অবমাননা ও বিদ্রুপ করার বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় তদন্ত কমিটির সুপারিশক্রমে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিকতর তদন্তের মাধ্যমে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
তবে অধিকতর তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।









