চিতলমারীতে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ
সংগৃহীত
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিপন মুন্সি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইফুল মোল্লা, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কামরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের শুধু চাকরির পেছনে না ছুটে নিজেদের দক্ষতা, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের পথ তৈরি করতে হবে। অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজস্ব চিন্তাভাবনা, উদ্ভাবনী ক্ষমতা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, কারিগরি শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। সুস্থ ও সৃজনশীল যুবসমাজ গঠনে খেলাধুলার চর্চা বাড়ানোর পাশাপাশি তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তারা জানান, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্মনির্ভরশীল করতে অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে ক্ষুদ্র উদ্যোগ ও ব্যবসা পরিচালনার জন্য সহজ শর্তে স্বল্প সুদে যুব ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। এসব সুযোগ কাজে লাগিয়ে তরুণেরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সম্পন্নকারী যুবকদের মধ্যে সনদপত্র এবং উদ্যোক্তা হওয়ার উদ্যোগ গ্রহণকারী যুবকদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এমকে/বিএম২৪









