চবির নবাব ফয়জুন্নেছা হল সংসদের এজিএস সুমাইয়াকে বিয়ে করলেন চীনা অধ্যাপক

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ১১:৩৯ এএম
চবির নবাব ফয়জুন্নেছা হল সংসদের এজিএস সুমাইয়াকে বিয়ে করলেন চীনা অধ্যাপক

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অতিথি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে এসে এক ছাত্রীর সঙ্গে পরিচয়। সেই পরিচয় থেকে গড়ে ওঠে সম্পর্ক, আর শেষ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে ওই ছাত্রীকে বিয়ে করেছেন চীনের শানডং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিহুয়া জাং।

গত শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার নিজের ফেসবুক আইডিতে বিয়ের বিষয়টি জানিয়ে একটি পোস্ট দেন। কিছুক্ষণ পর অধ্যাপক জিহুয়া জাংও নিজের ফেসবুক আইডিতে তাদের একটি যৌথ ছবি প্রকাশ করেন।

বিষয়টি নিশ্চিত করে সুমাইয়া আক্তার বলেন, “উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে দুইবার এসেছিলেন। গত ১৪ জুলাই আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই। এর আগেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাঁর নতুন নাম রাখা হয়েছে আল আমিন।”

তিনি বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষার কোর্স করেছি। আর তিনি চীন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে এসেছিলেন। সেখান থেকেই আমাদের পরিচয়। পরে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী আমাদের বিয়ে সম্পন্ন হয়।”

সুমাইয়া আক্তার বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেছা হল সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস)। ক্যাম্পাসে নিজ হাতে তৈরি বিভিন্ন ঘরোয়া নাস্তা ও পিঠা বিক্রির উদ্যোগের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের কাছে পরিচিত মুখ।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন বলেন, “অধ্যাপক জিহুয়া জাং আমাদের বিভাগের একটি প্রকল্পের অধীনে অ্যাডজাঙ্কট প্রফেসর হিসেবে যুক্ত ছিলেন। তিনি ডেটা মডেলিং ও এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করতেন। গত দুই বছরে সামার ভ্যাকেশনের সময় এক মাস করে দুই দফায় তিনি বিশ্ববিদ্যালয়ে এসেছেন। সর্বশেষ সম্ভবত গত জুন মাসে তিনি ক্যাম্পাসে ছিলেন। আপনার মাধ্যমে চবির এক ছাত্রীর সঙ্গে তাঁর বিয়ের বিষয়টি জানতে পারলাম।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে এসে শুরু হওয়া এই আন্তদেশীয় পরিচয় শেষ পর্যন্ত পরিণতি পেয়েছে বৈবাহিক সম্পর্কে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।