গ্যাস সংকটে জামালপুরে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ১০:২৭ এএম
গ্যাস সংকটে জামালপুরে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

সূত্রঃ সংগৃহীত

জামালপুর প্রতিনিধি


জামালপুরে গ্যাস সংকট নিরসন ও নতুন গ্যাস পাম্প স্থাপনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীসহ বিভিন্ন যানবাহনের চালকরা।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সিএনজি চালকরা।


চালকদের অভিযোগ, জামালপুরে দীর্ঘদিন ধরে জাবেদ ফিলিং স্টেশন নামে মাত্র একটি পাম্পে সিএনজিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। অথচ জেলায় বিআরটিএ নিবন্ধিত সিএনজির সংখ্যা প্রায় ৩ হাজার। এর বাইরে বিভিন্ন এলাকা থেকে আসা সিএনজিসহ জেলায় চলাচলকারী মোট সিএনজির সংখ্যা প্রায় ৫ হাজার।


চালকরা জানান, বিপুলসংখ্যক সিএনজির বিপরীতে একটি মাত্র গ্যাস পাম্প থাকায় প্রতিদিন দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হয়। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত গ্যাস পাওয়া যায় না। এতে গাড়ি চালাতে না পেরে আয়-রোজগার বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের।


সিএনজিচালক জয়নাল আবেদীন বলেন, ‘রাত দুইটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। পরে শুনি গ্যাস নেই। এটি শুধু আজকের সমস্যা নয়, মাঝেমধ্যেই এমন পরিস্থিতি তৈরি হয়। জামালপুরে এত সিএনজি, অথচ গ্যাস পাম্প মাত্র একটি। তাই বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছি।’


তিনি বলেন, তারা জামালপুরে নতুন গ্যাস পাম্প স্থাপনের পাশাপাশি চলমান গ্যাস সংকটের স্থায়ী সমাধান চান।


জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, গ্যাস পাম্পের সংকট ও গ্যাসের স্বল্পতার কারণে সিএনজি চালকরা মহাসড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলছে। যান চলাচল স্বাভাবিক করতে চালকদের বোঝানোর চেষ্টা চলছে।