শাটডাউনের পরও জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫০ পিএম
শাটডাউনের পরও জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা

সংগৃহীত

ডেস্ক রিপোর্ট


বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতার কারণে আগেভাগেই বন্ধ রাখা হয়েছিল রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট। এরপরও সাইটটিতে সাইবার হামলার আলামত শনাক্ত হয়েছে। ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে স্প্যাম বা হামলার চিহ্ন পাওয়ার পর নিরাপত্তা পুনরুদ্ধারে কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মীরা।


এ কারণে ছুটি শেষে রোববার (২৫ অক্টোবর) ব্যাংকিং কার্যক্রম শুরু হলেও দুপুর ১টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি।


জনতা ব্যাংকের আইটি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ওয়েবসাইটের দুটি স্থানে হামলার আলামত পাওয়া গেছে। ত্রুটিগুলো চিহ্নিত করে সাইটটির নিরাপত্তা নিশ্চিত করার কাজ চলছে। রোববারের মধ্যেই ওয়েবসাইটটি পুরোপুরি নিরাপদ করে সচল করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।


এর আগে, বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বৈশ্বিক সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়। গত ২১ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসাসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো এ সতর্কতা দেয়।


সতর্কবার্তায় বলা হয়, এসব ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা আক্রান্ত সার্ভারে দূর থেকে ক্ষতিকর কোড চালাতে পারে। দ্রুত নিরাপত্তা প্যাচ বা হালনাগাদ করা সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।


এই সতর্কতার পরিপ্রেক্ষিতে বাড়তি নিরাপত্তার জন্য গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট সাধারণ ব্যবহারকারীদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।


ছুটি শেষে রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু হলেও ম্যালওয়্যার সংক্রমণ ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে জনতা ব্যাংকের ওয়েবসাইট সচল করা যায়নি।


এমকে/বিএম২৪