জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পিএম
জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সাতটি আলোচিত মামলায় ২৩ জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেয়েছেন ৩৩ জন এবং একজন আসামি খালাস পেয়েছেন।


প্রসিকিউশনের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গণঅভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের মামলা হয়েছে ৭০টি। এর মধ্যে ২৬টি মামলা বিচারাধীন এবং ৪৪টি মিস কেস হিসেবে রয়েছে। দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব মামলার বিচার চলছে। এ পর্যন্ত সাতটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এসব মামলায় মোট দণ্ডিত আসামির সংখ্যা ৬৭ জন এবং খালাস পেয়েছেন একজন।


এদিকে, দুটি ট্রাইব্যুনালে এসব মামলায় গ্রেপ্তার আসামি রয়েছেন ২০৩ জন। পলাতক আসামির সংখ্যা ৩৫২ জন।


চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের বিচারের প্রতিশ্রুতি নিয়ে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছিল। ইতোমধ্যে দুটি ট্রাইব্যুনাল সাতটি আলোচিত মামলার রায় ঘোষণা করেছেন। অবশিষ্ট মামলাগুলোর বিচার দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


পলাতক আসামিদের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, তাঁদের বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং কোনো দোষী ব্যক্তি যেন ছাড় না পান, তা নিশ্চিত করতে চান তাঁরা।


শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড


জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই মামলায় রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।


রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি শহীদদের পরিবার ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।


চাঁনখারপুল হত্যাকাণ্ডে তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড


২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুল এলাকায় আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিতে ছয়জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।


২০২৬ সালের ২৬ জানুয়ারি দেওয়া ওই রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম। এ মামলায় আরও পাঁচ পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।


আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড


আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানো এবং আরও একজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি ঘোষিত রায়ে আরও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দুজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং রাজসাক্ষী হওয়া শেখ আবজালুল হককে ক্ষমা করা হয়।


আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড


২০২৪ সালের জুলাইয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৬ সালের ৯ এপ্রিল দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাবেক এএসআই মো. আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।


এ মামলায় তিনজনকে যাবজ্জীবন এবং অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।


কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় তিনজনের মৃত্যুদণ্ড


জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং একই এলাকায় আরও দুজনকে হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।


গত ২৮ জুন ঘোষিত রায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলায় সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন এবং সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।


হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড


জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গত ৩০ জুন ঘোষিত রায়ে তাঁকে দুটি অভিযোগে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়।


ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড


জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৫ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সাবেক চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাবেক সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। রায় অনুযায়ী, এসব আসামির সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করে জুলাই শহীদদের পরিবার ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি আওয়ামী লীগের শাসনামলে গুম ও খুনের অভিযোগের বিচারও দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে।


সূত্র: বাসস


এমকে/বিএম২৪