খুলনায় ভোটকেন্দ্রে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা মহিবুজ্জামানের মৃ/ত্যু
নিজস্ব প্রতিবেদক:
খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি সকালে ভোট দিতে কেন্দ্রে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, শেরপুর–৩ আসন ছাড়া দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ চলছে। জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, সকাল থেকেই ভোটের পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যার খবর পাওয়া যায়নি। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বলেও জানান তিনি। ভোটারদের উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান নির্বাচন কমিশনার।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনও জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভোটারদের শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভোটদান শুধু নাগরিক অধিকার নয়, এটি একটি দায়িত্বও। ভিন্নমতকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে মেনে নিয়ে সবাইকে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তিনি।
সিইসি আরও জানান, যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলায় নির্বাচনী কর্মকর্তা, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় রয়েছে। সবাইকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করারও অনুরোধ জানান তিনি।
নির্বাচন কমিশনের তথ্যমতে, সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এক লাখেরও বেশি সেনাসদস্য মোতায়েন রয়েছে। নির্বাচন উপলক্ষে দেশজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, দীর্ঘদিন পর অনেক মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। বিশেষ করে তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণে তিনি আশাবাদী। তিনি জানান, একটি ভয়-ভীতিমুক্ত ও নির্বাচনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
বা/মে২৪/ম









