খাগড়াছড়িতে আজ ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পিএম
খাগড়াছড়িতে আজ ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব

সংগৃহীত

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি


খাগড়াছড়িতে আজ শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনের এ উৎসব।

জেলার দুর্গাপূজার আয়োজনগুলোর মধ্যে বরাবরই আকর্ষণের কেন্দ্রে থাকে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দিরের পূজামণ্ডপ। প্রতিমা, মণ্ডপসজ্জা ও বর্ণিল আলোকসজ্জা দেখতে প্রতিবছরই এ মন্দিরে ভিড় করেন দর্শনার্থীরা। দূর-দূরান্ত থেকে আসা মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

কেন্দ্রীয় মন্দিরের পূজামণ্ডপ ঘিরে দর্শনার্থীদের আগ্রহের অন্যতম কারণ হলো মণ্ডপের সাজসজ্জা ও আলোকসজ্জা। পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতি এ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

প্রচলিত নিয়মে মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন দুর্গাপূজা উদযাপিত হয়। তবে এবার মহাসপ্তমীর তিথি দুদিন হওয়ায় উৎসব চলবে ছয় দিন। সূচি অনুযায়ী, শনিবার মহাসপ্তমী, রোববার অতিরিক্ত মহাসপ্তমী, সোমবার মহাষ্টমী ও কুমারী পূজা এবং মঙ্গলবার মহানবমী উদযাপিত হবে। বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব।

হিন্দুশাস্ত্র অনুযায়ী, এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে আসছেন এবং নৌকায় বিদায় নেবেন। প্রতিবছর শরৎকালে কৈলাস থেকে মর্ত্যে বাপের বাড়িতে আসেন দেবী দুর্গা। পুরাণ অনুসারে, অসুরের অত্যাচারে স্বর্গচ্যুত দেবতাদের আহ্বানে অশুভ শক্তির বিনাশে আবির্ভূত হয়েছিলেন মহাশক্তি দেবী দুর্গা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার তথ্য অনুযায়ী, এবার জেলায় ৬৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

উৎসবকে ঘিরে কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দির এলাকায় দর্শনার্থীদের ভিড় সামলানো এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।


এমকে/বিএম২৪