কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৩:২৪ পিএম
কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

সূত্রঃ সংগৃহীত

শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি


‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে।


রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার এবং সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইসমত আরা।


এ সময় শিক্ষার্থী, মৎস্যজীবী ও মৎস্য উদ্যোক্তারাও বক্তব্য দেন।


বক্তারা বলেন, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে দেশের মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে মৎস্যসম্পদের উৎপাদন ও সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা মৎস্যজীবীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।



এমকে/বিএম২৪